বগুড়ায় লাইসেন্স ছাড়া মশার কয়েল উৎপাদন ও অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাত দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রাজাপুর ব্রিজ এলাকায় অবস্থিত ‘এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত বসে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে আদালতটি পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স ছাড়াই ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছিল। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে লাইসেন্স প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।