জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও কিছু ফিলিং স্টেশনে পরিমাপে অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছিল। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে এবং জনস্বার্থ রক্ষায় বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এই অভিযানে দুটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ মিললে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে দুটার পর বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে গড়িয়ারপাড় এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনে তল্লাশি চালানো হয়। সেখানে পরিমাপ যন্ত্রে অনিয়ম ধরা পড়লে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। একই সাথে পাম্পের ডিজিটাল মেশিন দ্রুত মেরামতের জন্য ব্যবস্থাপক মো. জয়কে নির্দিষ্ট সময় দেওয়া হয়।

এরপর বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকার কামিনী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানেও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোহেলকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে নগরের কাশিপুর এলাকার রাব্বি ফিলিং স্টেশনেও জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। তবে সেখানে পরিমাপ সঠিক পাওয়ায় কোনো জরিমানা বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এই অভিযানে বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক মো. হাবিবুর রহমান ও পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমানে কম দেওয়ার অভিযোগ আসার পরই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, "জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"