পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফার্মেসি রোড ও কেএম মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। এ সময় পিরোজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকদের নমুনা (স্যাম্পল) ওষুধ বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আকন মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে ১০ হাজার টাকা, আদর্শ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে ১০ হাজার টাকা, রাকিব মেডিকেল হলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার টাকা, নাজাহ ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা এবং মাহবুব ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে একই অপরাধে জড়িত হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।