পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুত এবং অতিরিক্ত দামে তা বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২৮)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়াগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী এবং বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান নিজ গুদামে বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত রেখে চড়া দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও মো. রবিউল ইসলাম জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমোদনহীন সার ব্যবসা ও অবৈধ মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।