কাতারের দোহায় রাজমিস্ত্রির কাজরত এক বাংলাদেশি শ্রমিক মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাতে একটি বহুতল ভবন নির্মাণস্থল থেকে পড়ে আজম মিয়া (৩৫) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, আজম প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে কাতারে চাকরি করতে যান। গতকাল শনিবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী সুলতানা বেগম ইমো অ্যাপের মাধ্যমে তাঁকে কল দেন। কথোপকথনে আজম জানান, দিনের প্রচণ্ড গরমে তাঁরা রাতে কাজ করেন। তিনি কাজে যাচ্ছেন এবং ফিরে এসে কল দিয়ে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে সেই কল আর আসেনি।

আজ রোববার সকাল আটটার দিকে কাতারে থাকা কয়েকজন আত্মীয় সুলতানা বেগমকে ফোন করে জানালে বিষয়টি স্পষ্ট হয়। তারা জানান, কাজ করার সময় রশি ছিঁড়ে গেলে আজম নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর সাথে থাকা দুই শ্রমিকও গুরুতর আহত হন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আজমের বড় ভাই মাতাব মিয়া মুক্তকণ্ঠকে বলেন, "তাঁরা চার ভাই। একই বাড়িতে সবার আলাদা সংসার। আজমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে। তাঁর উপার্জনেই সংসার চলত।" তিনি আরও জানান, প্রায় দুই বছর আগে তিন মাস ছুটি কাটিয়ে আজম কাতারে ফিরেছিলেন। এখনো এই সিদ্ধান্ত হয়নি যে লাশ দেশে আনা হবে কি না।