গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং লোডশেডিং কমানোর লক্ষ্যে ১১ কেভি ফিডার ছোট করার ওই সময় জরুরি কাজ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনেক বড় ফিডারে গ্রাহকের লোড বেশি থাকায় তা ছোট করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময়ে গাজীপুরের কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়, আলিমের আশপাশ, কবরস্থানের আশপাশ, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজারের আশপাশ, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস।