গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে ঘেরাও করার চেষ্টা করেছেন একদল বিক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী। এই ঘটনার এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এই উত্তেজনাপূর্ণ ঘটনাটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাশিমপুর এলাকায় অবস্থিত ডিবিএল কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। শ্রমিকদের শান্ত করতে এবং বিষয়টি বুঝিয়ে বলতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনসহ পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাওয়াও করেন।

পুলিশ সদস্যরা দ্রুত দৌড়ে থানায় ফিরে গেলে শ্রমিকরাও থানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এসময় তারা থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, বর্তমানে থানা ও তার আশপাশের এলাকার পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে এসেছে।

ঘটনটি সম্পর্কে জানতে চাওয়া হলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, “অনেক কিছুই ঘটেছে। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”