গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার পশ্চিম শৈলডুবিতে অবস্থিত সুপ্রিম গার্মেন্টস এবং ডিবিএল কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার বেলা ১১টার দিকে ডিবিএল কারখানার সুতার গোডাউনে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মুহূর্তের মধ্যেই তা পাশের সুপ্রিম গার্মেন্টসের কাটনের গুদামে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কাশিমপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের প্রচণ্ডতা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ইউনিটের প্রয়োজন হয়। পরবর্তীতে ডিবিএলের একটি, ইপিজেড-এর তিনটি এবং ভোগরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী এই বিষয়ে জানান, “আমরা ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জানান, “আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। ডাম্পিং কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরেই আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারব।” তবে তিনি আশ্বস্ত করে জানান যে, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।