শ্রমিক আন্দোলনের প্রভাবে গত কয়েকদিন ধরে চরম উত্তাল ছিল গাজীপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই এই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পনগরী গাজীপুরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে আজও অনেক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে পূর্ববর্তী দিনগুলোর মতো শ্রমিকরা এবার মহাসড়কে অবস্থান নেননি। কারখানাগুলো বন্ধ থাকায় শ্রমিকরা নিজ নিজ বাসায় অবস্থান করছেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লিবিদুৎ, সফিপুর এবং মৌচাক এলাকায় শ্রমিকদের কোনো বিক্ষোভ নেই। সকাল থেকেই স্থানীয় ও দূরপাল্লার পরিবহন যানবাহন চলাচল করছে। পাশাপাশি সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
আতাউর নামে এক শ্রমিক বলেন, “আমরা কাজ করে খাই। বেতন বাড়াতেই হবে না হলে চলা কষ্ট। তবে আমরা ভাঙচুরের পক্ষে না। আসলে উত্তেজিত হয়ে সবাই কেন যে আগুন দেয় আমরা বুঝে উঠতে পারিনা৷ আজ আমাদের কারখানা ছুটি কিন্তু আমরা কেউ সড়কে যাইনি৷”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল হতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের কোনো অবস্থান দেখা যায়নি। তিনি আরও বলেন, “আমরা সতর্ক অবস্থানে রয়েছে যাতে শ্রমিকদের মধ্যে কোন দুষ্কৃতিকারীরা প্রবেশ করতে না পারে।”