গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় ৫ লাখ টাকা তোলেন তৌহিদুর রশিদ। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় প্রাইভেটকার থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায় প্রাইভেটকারটি। পরে পুলিশের জরুরি সেবায় ফোন করেন তৌহিদুর রশিদ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী তৌহিদুর রশিদ বলেন, বাড়ির কাছাকাছি বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার আমাদের অটোরিকশার কাছে আসে। পরে প্রাইভেটকার থেকে একজন হাত বাড়িয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। পুলিশের জরুরি সেবায় ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তৌহিদুর রশিদ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।