গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাজীপুরের বেশ কিছু এলাকায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট থাকবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি ফিডারের আকার বড় এবং গ্রাহকের লোড বেশি থাকায় ফিডারগুলো ছোট করার জন্য জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। এতে লোডশেডিং কমে নিয়মিত বিদ্যুৎ পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কাজ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে থাকবে কাশিমপুরের আংশিক এলাকা, বিএডিসি গেটের সামনের অংশ, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়, আলিমের আশপাশ, কবরস্থানের পার্শ্ববর্তী এলাকা, জামাল টাওয়ার, মল্লিকা বাজার, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেটসহ অন্যান্য এলাকা।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে। নিয়মিত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস।