বড় হওয়ার পর ব্যস্ত জীবনে হারিয়ে গেছে সেই সহজ আনন্দ, যেখানে বন্ধুদের সঙ্গে গল্প, সিনেমা, গান আর হাসি-ঠাট্টায় রাত পেরিয়ে ভোর হয়ে যেত। তবে চাইলেই এই আমেজ আবার ফিরিয়ে আনা সম্ভব। এবার একটু বড়দের মতো করে, আরামদায়ক পোশাক এবং পছন্দের মানুষদের নিয়ে আয়োজন করা যায় 'পাজামা পার্টি'।
পাজামা পার্টিতে অতিথিরা সাধারণত পায়জামার মতো আরামদায়ক পোশাক পরে একসঙ্গে সময় কাটান। বিশেষ করে রাতে বন্ধুদের বাড়িতে থাকা, গল্প, সিনেমা, খাওয়াদাওয়া ও নানা বিনোদনের সঙ্গে এই পোশাকের বিষয়টি যুক্ত হওয়ায় নাম হয়ে গেছে পাজামা পার্টি। পাজামা পার্টির জন্য ঘরের পরিচিত পরিবেশটুকুই হয়ে উঠতে পারে আনন্দের জায়গা।
এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আরাম। ঢিলেঢালা পাজামা, নরম টি-শার্ট, রাতের পোশাক বা পছন্দের ঘরোয়া পোশাক—নিজের স্বস্তিই এখানে মূল কথা। বন্ধুরা চাইলে একই রং বা কাছাকাছি নকশার পোশাক বেছে নিয়ে নিজেদের ছোট্ট 'ড্রেস কোড' তৈরি করতে পারেন। পার্টির পরিবেশ সাজাতে নিজের পছন্দমতো সাজসজ্জার জিনিস ব্যবহার করা যেতে পারে, যা আয়োজনে নিজস্বতা যোগ করে এবং শেষে স্মৃতি হিসেবে রাখা যায়। স্লিপ মাস্কও (অনেক ফেস মাস্কের মতো) থাকুক নিজের পছন্দের ছোঁয়া। রং, আঁকিবুঁকি বা ছোট্ট কোনো মজার বার্তা দিয়ে সাদামাটা মাস্কটিকে আলাদা করে তোলা যায়। পোশাকেও থাকুক একটু মজা—কে সবচেয়ে মজার পাজামা পরেছেন, কার পোশাকে সবচেয়ে সুন্দর মিল, কিংবা কার সাজ সবচেয়ে নজরকাড়া—এমন নানা বিভাগে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনে বাড়তি আনন্দ যোগ করবে।
খাবারের ক্ষেত্রে বড় কোনো তালিকার বদলে ছোট ছোট মুখরোচক খাবার বেশি মানানসই। পপকর্নের সঙ্গে ক্যারামেল, চকলেট বা নোনতা নানা স্বাদ যোগ করা যেতে পারে। পাশে থাকুক চিপস, কুকিজ, ফল বা পছন্দের মিষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে 'মিডনাইট স্ন্যাকস' যোগ হতে পারে, যেমন স্যান্ডউইচ, নুডলস, পিৎজা বা হালকা কোনো খাবার। পানীয়ের তালিকায় থাকতে পারে ফলের শরবত, মকটেল, হট চকলেট বা দুধ-চায়ের মতো পছন্দের পানীয়।
বন্ধুদের আড্ডায় গান থাকবেই। পুরোনো দিনের পছন্দের গান শুনতে শুনতে স্মৃতিচারণ চলতে পারে। সঙ্গে থাকুক নিজেদের গান গাওয়ার আসর বা নিজের পছন্দের গানের সঙ্গে একটু নাচ। রাতে আরও চলতে পারে সিনেমা দেখার আয়োজন। সবাই মিলে আগে থেকেই ঠিক করে নেওয়া যেতে পারে সিনেমার নাম। তবে সিনেমার চেয়েও কখনো কখনো বেশি জমে ওঠে সিনেমা দেখতে দেখতে নিজেদের গল্প—পুরোনো দিনের মজার ঘটনা, স্কুল-কলেজের স্মৃতি বা বন্ধুত্বের নানা গল্প।
পাজামা পার্টিতে আরামের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায়। মেঝেতেই বিছিয়ে দেওয়া যেতে পারে নরম চাদর। চারপাশে ছড়িয়ে থাকবে বালিশ, কুশন ও কম্বল। আলোও থাকবে একটু নরম। এতে ঘরের সাধারণ একটি জায়গাই হয়ে উঠবে রাতভর আড্ডার আরামদায়ক ঠিকানা। রাতের আয়োজনের মধ্যেই নিজেদের জন্য একটু যত্নের সময় রাখা যেতে পারে। মুখে মাস্ক, নখে পছন্দের রং, ত্বকের যত্ন বা চুলের পরিচর্যা—বন্ধুদের সঙ্গে মিলে এসবও হয়ে ওঠে আনন্দের অংশ।
আয়োজনের স্মৃতি ধরে রাখতে ছবি তোলা জরুরি। ঘরের এক কোণে ছোট্ট ফটো কর্নার তৈরি করা যেতে পারে। কম্বল, বালিশ, মজার চশমা, পুরোনো টুপি বা নানা ধরনের মজার উপকরণ দিয়ে সাজানো সেই জায়গায় একের পর এক ছবি উঠতে পারে। দূরে থাকা বন্ধুরাও বাদ যাবেন কেন? ভিডিও কলে তাঁদের যুক্ত করে নেওয়া যেতে পারে আড্ডায়। কেউ হয়তো অন্য শহর থেকে গল্প করছেন, কেউ আবার পর্দার ওপাশ থেকেই অংশ নিচ্ছেন রাতের খেলায়।
বোর্ড গেম, কার্ড গেম বা ছোটখাটো মজার খেলায় রাত আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে। চাইলে সবাই মিলে একে অন্যের জন্য মজার প্রশ্নও তৈরি করতে পারেন। আর রাতের শেষে থাকতে পারে ছোট্ট 'বেডটাইম স্টোরি'—প্রত্যেকে নিজের জীবনের কোনো মজার বা অদ্ভুত ঘটনা বলবেন, বাকিরা শুনবেন। যাঁরা একটু রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের আড্ডায় যোগ হতে পারে ভৌতিক গল্প। আলো কমিয়ে একে অন্যের শোনা ভয়ংকর গল্প রাতটাকে আরও জমিয়ে তুলবে।
"পাজামা পার্টিতে দামি সাজসজ্জা বা ব্যাপক খানাপিনারও প্রয়োজন নেই। কাছের মানুষজন, আরামদায়ক পোশাক, পছন্দের খাবার আর দীর্ঘ সময়ের আড্ডাই যথেষ্ট।"
ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটি রাত হয়তো আবারও মনে করিয়ে দেবে—একসঙ্গে থাকার আনন্দের জন্য খুব বেশি কিছু লাগে না।