একটি সাধারণ ‘হ্যালো’ শব্দ দিয়েই শুরু হতে পারে অত্যন্ত সুন্দর ও হৃদ্যতাপূর্ণ একটি কথোপকথন। তবে বর্তমানের এই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই নিজেদের ব্যক্তিগত ব্যস্ততায় এতটাই মগ্ন যে, পাশাপাশি বসে থেকেও অনেক সময় একে অপরের সঙ্গে কথা বলা হয় না।

প্রযুক্তির উৎকর্ষের বিপরীতে মানুষে মানুষে এই যে মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে, তা দূর করতে এবং পারস্পরিক যোগাযোগের গুরুত্বকে সামনে তুলে ধরতেই প্রতি বছর ২১ নভেম্বর ‘বিশ্ব হ্যালো দিবস’ পালন করা হয়।

মূলত যোগাযোগ, সৌহার্দ্য এবং বন্ধুত্বের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে এই দিবসটি পালিত হয়। একটি ছোট্ট ‘হ্যালো’ বলা বা সাধারণ কুশল বিনিময়ের মাধ্যমে যেমন নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে, ঠিক তেমনি দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে পুরোনো সম্পর্কের বাঁধন আরও মজবুত হতে পারে।

এই বিশেষ দিবসের ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৭৩ সালে ব্রায়ান ম্যাককরম্যাক ও মাইকেল ম্যাককরম্যাক নামে দুই ভাই বিশ্ব হ্যালো দিবসের সূচনা করেছিলেন। তৎকালীন মধ্যপ্রাচ্যের সংঘাত ও যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপটে তারা বিশ্বাস করতেন, সহিংসতার পথ পরিহার করে আলোচনার মাধ্যমেই যেকোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব।

বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই দিবসের মূল লক্ষ্য। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যন্ত আগ্রহের সাথে দিবসটি পালন করা হয়।

বিশ্ব হ্যালো দিবস পালনের নিয়মটি অত্যন্ত সহজ এবং আনন্দদায়ক। এই বিশেষ দিনে অন্তত ১০ জন মানুষকে আন্তরিকভাবে ‘হ্যালো’ বা শুভেচ্ছা জানানোর কথা বলা হয়েছে।

পরিচিত কিংবা অপরিচিত মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা, পুরোনো কোনো বন্ধুর খোঁজ নেওয়া অথবা দীর্ঘদিন কথা হয় না এমন কারও সঙ্গে একটি ‘হ্যালো’ বলে পুনরায় যোগাযোগ শুরু করা যেতে পারে।

পাশাপাশি, কারও সঙ্গে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, তবে এই দিনটিকে সুযোগ হিসেবে নিয়ে সম্পর্কটি পুনরায় ঠিক করে নেওয়া সম্ভব। প্রয়োজনে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করাও হতে পারে সম্পর্ক জোড়া লাগানোর প্রথম পদক্ষেপ হিসেবে।

আজকের এই বিশেষ দিনটিতে আপনিও হতে পারেন এই ইতিবাচক চর্চার অংশ। অফিসের দারোয়ান, রিকশাচালক, লোকাল বাস বা লিফটের সহযাত্রী অথবা দীর্ঘদিন কথা হয় না, এমন কাউকে ‘হ্যালো’ বলে কুশল বিনিময় করতে পারেন। আপনার এই ছোট্ট একটি পদক্ষেপই হয়তো অন্য কারও পুরো দিনটিকে সুন্দর ও আনন্দময় করে তুলতে পারে।