গত রোববার বিকেলে গাজীপুর শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে বন্ধু মো. হালিম উদ্দিনের সঙ্গে দেখা করতে যান রেজাউল করিম। হালিম অসুস্থ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেই রেজাউলের এই সফর। এরপর দুই বন্ধুর মধ্যে দীর্ঘক্ষণ আলাপচারিতা চলে।

ঠিক ২৩ বছর আগে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দোস্তি বা বন্ধুত্ব পাতিয়েছিলেন গাজীপুরের শ্রীপুরের এই দুই বন্ধু। সেই সময়ে ফুলের মালা বিনিময়, পান খাওয়ানো, গান, পুঁথিপাঠ আর বিরিয়ানির আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল এই অনুষ্ঠান। সেই অনন্য ঘটনার খবর ‘ঢাকঢোল পিটিয়ে বন্ধুত্ব’ শিরোনামে ছাপা হয়েছিল মুক্তকণ্ঠয় পত্রিকায়।

বদলে গেছে জীবন, অটুট আছে বন্ধুত্ব

রেজাউলের বাড়ি শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে এবং হালিমের বাড়ি একই উপজেলার গিলারচালা গ্রামে। সময়ের আবর্তনে দুই বন্ধুর জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে, তবে তাঁদের বন্ধুত্বের বন্ধনটি আগের মতোই অটুট রয়েছে। বর্তমানে ৫৫ বছর বয়সী রেজাউল একজন ব্যবসায়ী। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সন্তানের পড়াশোনার প্রয়োজনে পরিবার নিয়ে গাজীপুর শহরে বসবাস করেন তিনি। তবে প্রতি শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলোতে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।

অন্যদিকে, ৫৬ বছর বয়সী হালিম উদ্দিন একসময় একটি মিশনারি স্কুলে শিক্ষকতা করতেন। পরবর্তীতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি শেষ করে তিনি আইন পেশায় যুক্ত হন। তাঁর কোনো সন্তান নেই।

রেজাউল শহরে এবং হালিম গ্রামে থাকলেও তাঁদের যোগাযোগে কোনো ছেদ পড়েনি। ফোনে নিয়মিত কথা হয় এবং প্রায় প্রতি সপ্তাহেই তাঁদের দেখা হয়। রেজাউল মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের অনানুষ্ঠানিক বন্ধুত্ব কমপক্ষে ৪০ বছরের। সেদিন (২০০৩ সাল) বন্ধুরা আয়োজন করে আনুষ্ঠানিকভাবে দোস্তি পাতিয়ে দিয়েছিলেন। এত বছরেও বন্ধুত্ব একটুও কমেনি।’

বর্তমান সময়ের সামাজিক সম্পর্কের অবনতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন রেজাউল। তাঁর ভাষ্য, ‘এখন তো মানুষে মানুষে বন্ধুত্ব কমে গেছে। কারও সঙ্গে কারও কথা হয় না, মোবাইলে মজে আছে সবাই। এভাবে সম্পর্ক গড়ে ওঠে না। বাড়ির পাশের আত্মীয়ের খবরও কেউ রাখে না। অথচ আমরা কয়েক গ্রামের বন্ধুরা একসঙ্গে বিকেলে আড্ডা দিতাম। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে।’

এত দীর্ঘ সময়ে রেজাউলের সঙ্গে কখনো কোনো মনোমালিন্য হয়নি উল্লেখ করে হালিম বলেন, ‘এই বন্ধুত্ব আমৃত্যু টিকিয়ে রাখতে চাই।’ হালিমের মতে, শুধু তাঁরা দুজন নন, বরং সেই আড্ডার বাকি বন্ধুরাও পারস্পরিক সম্পর্ক ধরে রেখেছেন।

যেভাবে হয়েছিল দোস্তির আনুষ্ঠানিকতা

২০০৩ সালের ২৬ জুন। সেই সময়ে শ্রীপুরে শিল্পকারখানার তেমন বিস্তার ঘটেনি। মানুষ অবসর সময় কাটাত আড্ডার মাধ্যমে। বন্ধুদের এমনই এক আড্ডার নিয়মিত মুখ ছিলেন হালিম ও রেজাউল। তাঁদের মধ্যকার বিশেষ বোঝাপড়া বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে। একপর্যায়ে বন্ধুরাই সিদ্ধান্ত নেন যে, এই ঘনিষ্ঠতাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে।

শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তাঁদের পূর্বপরিচিত আবুল হোসেন নামের এক ব্যক্তির দোতলা ভবনের ছাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুদের চাঁদা তুলে কেনাকাটা করা হয় এবং বিরিয়ানি রান্না করা হয়। সেদিনের অনুষ্ঠানে স্থানীয় জৈনদ্দিন মিয়া ও মাইনদ্দিন মিয়াসহ তিনজন পুঁথিপাঠ করেন এবং গান করেন হামিদ ফরাজি। ঢাকঢোল বাজিয়ে সম্পন্ন হয় পুরো আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাঁদের বন্ধু হাবিবুর রহমান। মূল পর্বে দুই বন্ধু একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন এবং মুখে পান তুলে দেন।

মুক্তকণ্ঠয় প্রকাশের পর সাড়া

সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক রাশেদ আহমেদ। তাঁর মাধ্যমেই ঘটনাটি জানতে পারেন মুক্তকণ্ঠের তৎকালীন স্থানীয় প্রতিনিধি মাসুদুল হক। রাশেদ বর্তমানে সাংবাদিকতা ছেড়ে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি বলেন, ব্যতিক্রমী ঘটনা ছিল এটি। এলাকার দুই পরিচিত মানুষের দোস্তি পাতানোর ঘটনা মুক্তকণ্ঠের মতো জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ায় অনেকেই কৌতূহল নিয়ে খবরটি পড়েছিলেন।

স্থানীয় পরিবেশ আন্দোলনকর্মী খোরশেদ আলমও সেই আয়োজনে উপস্থিত ছিলেন। গত ৩ নভেম্বর বিকেলে শ্রীপুরের উজিলাব গ্রামের বেন্নাবাইদ এলাকার একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে আড্ডায় বসে ২৩ বছর আগের সেই স্মৃতিচারণা করেন তিনি। তাঁর ভাষ্য, সংবাদ প্রকাশের পর এলাকায় মুক্তকণ্ঠ নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছিল। অনেকেই পত্রিকাটি কিনে পড়তে শুরু করেন। বাজারের দোকানগুলোতেও এ নিয়ে আলোচনা চলত।

খোরশেদ মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা কেউ ভাবিনি, এলাকার এমন একটা ঘটনা পত্রিকায় ছাপা হবে। আমাদের মনে হয়েছিল, যে পত্রিকায় নিজেদের এলাকার খবর পাওয়া যায়, সেটাই তো নিজেদের পত্রিকা।’

সাধারণত মানুষ বড় ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা জাতীয় খবর পড়তে পত্রিকা হাতে নেন। কিন্তু নিজের গ্রাম, পরিচিত মানুষ কিংবা আশপাশের ছোট কোনো ঘটনা পত্রিকায় উঠে এলে সেই পত্রিকার সঙ্গে পাঠকের সম্পর্ক বদলে যায়। দূরের সংবাদমাধ্যম তখন হয়ে ওঠে নিজের এলাকার গল্প বলার মাধ্যম।