গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ফলে দুবাই প্রবাসীর মালিকানাধীন ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ এই বাড়িটি ক্রয় করেন। বাড়ির ঘরগুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। এছাড়া দুটি দোকানের একটিতে একটি খাবার হোটেল পরিচালিত হচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া ওই খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন তীব্র হয়ে পেছনে থাকা বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এই সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনের লেলিহান বস্তিতে প্রতিটি বসতঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, “আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”