মানুষের চিন্তা-চেতনা, বিশ্বাস এবং নৈতিক মূল্যবোধের ওপর বন্ধুত্বের প্রভাব অত্যন্ত গভীর। একজন মানুষের জীবনদর্শনে তার বন্ধুদের প্রভাব সবচেয়ে বেশি থাকে। আর ঠিক এই কারণেই পবিত্র কোরআনে মুমিনদের সতর্ক করা হয়েছে যেন তারা নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে তাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করেন।

কেন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার সুস্পষ্ট কারণগুলো কোরআনে বর্ণিত হয়েছে।

যাদের বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী, তিন শ্রেণির মানুষকে মুমিনদের ঘনিষ্ঠ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে:

১. ইসলামবিদ্বেষী অবিশ্বাসী: যারা প্রকাশ্যে ইসলাম ও মুসলমানদের শত্রু মনে করে এবং এই দ্বীন নিয়ে উপহাস করে, তাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।

এই বিষয়ে আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলো মনে করে, তোমরা তাদের এবং কিতাবধারী ও অবিশ্বাসীদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না..।’ (সুরা মায়িদা, আয়াত: ৫৭)

২. কপট বিশ্বাসী বা মুনাফিক: যারা মুখে ইমানের কথা বললেও অন্তরে কুফরি লুকিয়ে রাখে এবং মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, তাদের ব্যাপারে আল্লাহ কঠোর সতর্কবার্তা দিয়েছেন। কারণ তারা মুনাফিক।

আল্লাহ বলেছেন, ‘মুনাফিকদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। যারা মুমিনদের পরিবর্তে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে..।’ (সুরা নিসা, আয়াত: ১৩৮-১৩৯)

৩. শত্রুভাবাপন্ন কিতাবধারী: যাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল কিন্তু তারা তা বিকৃত করেছে এবং বর্তমানে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের থেকেও দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা মায়িদা, আয়াত: ৫১)

নিষেধ করার যৌক্তিক কারণসমূহ

আল্লাহ তাআলা কেন এই নির্দিষ্ট শ্রেণির মানুষদের বন্ধু বানাতে নিষেধ করেছেন, তার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে:

প্রথমত, ক্ষতি ও অনিরাপত্তা: অবিশ্বাসী বা শত্রুদের অন্তরঙ্গ বন্ধু বানালে তারা মুসলমানদের গোপনীয় বিষয়গুলো শত্রুপক্ষের কাছে ফাঁস করে দিতে পারে এবং মুসলমানদের ধ্বংস করার সুযোগ খুঁজতে পারে।

আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের বাইরে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা তোমাদের ক্ষতি সাধনে কোনো ত্রুটি করে না; তারা চায় তোমরা কষ্টে থাকো..।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১১৮)

দ্বিতীয়ত, ইমানের ওপর নেতিবাচক প্রভাব: বন্ধুত্বের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো একে অপরের চিন্তা ও আচরণ দ্বারা প্রভাবিত হওয়া। যদি কেউ ক্ষতিকর এবং অবাধ্য মানুষদের ঘনিষ্ঠ বন্ধু বানায়, তবে ধীরে ধীরে সে সৎ পথ থেকে বিচ্যুত হয়ে কুফরি বা পাপাচারের দিকে ধাবিত হতে পারে।

তৃতীয়ত, আল্লাহর অসন্তুষ্টি: যারা আল্লাহর নির্দেশ অমান্য করে ইসলামের শত্রুদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা মূলত আল্লাহর সাহায্য ও অভিভাবকত্ব থেকে বঞ্চিত হয়।

কোরআনে বলা হয়েছে, ‘যে কেউ তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে।’ (সুরা মায়িদা, আয়াত: ৫১)

বন্ধুত্ব বনাম সুন্দর ব্যবহার

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে, অমুসলিম বা সমাজের অন্য কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার কথা বলা হয়নি। কোরআনে বন্ধু বোঝাতে যে ‘ওয়ালি’ শব্দটি ব্যবহৃত হয়েছে, তার অর্থ হলো এমন এক অন্তরঙ্গ মিত্র যার সঙ্গে গোপনীয়তা শেয়ার করা হয়, যার ওপর অন্ধ ভরসা করা হয় এবং যাকে নীতিগত অভিভাবক হিসেবে মেনে নেওয়া হয়।

তবে সাধারণ নাগরিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সদাচরণ এবং অমুসলিম প্রতিবেশীদের সঙ্গে সুন্দর ব্যবহার করার ক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয়নি।

আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ‘যে সকল অবিশ্বাসী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি ন্যায়বিচার করতে এবং তাদের সঙ্গে সদাচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না।’ (সুরা মুমতাহিনা, আয়াত: ৮)

পরিশেষে বলা যায়, বন্ধুত্ব হলো মানুষের বিশ্বাসের এক আস্থায়ী দুর্গ। নিজের ইমান, নৈতিকতা এবং পরকালের মুক্তির সুরক্ষার জন্য কাদের সঙ্গে ওঠা-বসা করা উচিত এবং কাদের বর্জন করা প্রয়োজন—কোরআনের এই দিকনির্দেশনাগুলো মুমিনদের জীবনের জন্য এক অতুলনীয় দিশারি হিসেবে কাজ করে।