রাজধানীর ধানমন্ডিতে আগুনে পুড়ে যাওয়া অ্যাপেক্স শোরুমটি কোনো ধরনের ফায়ার লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, গত জুন মাসে এই প্রতিষ্ঠানটি ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তবে তাদের আবেদন অনুমোদন করা হয়নি। এর প্রধান কারণ হলো, ভবনের ‘ফায়ার সেফটি প্ল্যান’ অনুমোদিত না থাকায় তারা লাইসেন্স পাওয়ার মূল পূর্বশর্ত পূরণ করতে পারেনি। বিষয়টি যাচাই-বাছাই করার পরও অনুমোদন না থাকায় তাদেরকে লাইসেন্সের আওতায় আনা সম্ভব হয়নি।
এ সময় ভবনের কাঁচের প্রকৃতি এবং বাইরে লাগানো বিলবোর্ডের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজধানীতে অনেকগুলো কাঁচঘেরা ভবন রয়েছে, যার কারণে অগ্নিকাণ্ডের সময় প্রচুর ধোঁয়া তৈরি হয়ে সাফোকেশনের ঝুঁকি বাড়ায়। এছাড়া ব্যাকড্রাফটের কারণে উদ্ধারকালে ফায়ার ফাইটাররাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিয়মিত এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ চালানো হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অ্যাপেক্স ভবনের সামনে দুটি বিশাল বিজ্ঞাপনী বিলবোর্ড ছিল। যদি সেগুলো না থাকত, তবে ভেতরের ধোঁয়া দ্রুত বের হতো এবং ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হতো।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘অ্যাপেক্স’ শোরুমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুনের কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যায়নি।