ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের সামনে শনিবার রাতে একটি সৌখিন বাসে হঠাৎ আগুন লাগে। এতে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "সৌখিন বাসটি মাসকান্দা বাসস্ট্যান্ড পার হয়ে কিছুটা সামনে ফ্যামিলি শপের বিপরীতে থামিয়ে রেখেছিলেন চালক। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না। এ সময় হঠাৎ বাসটির পেছনে আগুন জ্বলতে দেখা যায়।"
ঘটনার পর বাসটি চালক ছাড়াই ধীরে ধীরে সামনের দিকে সরতে থাকে। একপর্যায়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে বাসটি থেমে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম আরও বলেন, "দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচন হবে।"