পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জ্বালানি সংকটের অভিযোগ এনে বিরোধী দলগুলো লংমার্চের পরিবর্তে সংসদে গিয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরার সুযোগ নেওয়া উচিত। তিনি মনে করেন, সংসদীয় আলোচনা ও বিতর্কের মাধ্যমেই দেশের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, "হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করে জ্বালানি খরচ না করে বিরোধী দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা।"
জ্বালানি ও গ্যাসের অভাবের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, "একদিকে বলছেন তেল নেই, গ্যাস নেই। অন্যদিকে এক হাজার, দুই হাজার, তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলেন।"
জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে লংমার্চের পরিবর্তে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা নিয়মিত সংসদে আসছেন, সেখানে আপনাদের দাবি-দাওয়া তুলে ধরুন। আলোচনা ও বিতর্কের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে পারব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করবে।"
দেশে গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সারের সংকট নিয়ে তিনি বলেন, কৃষকদের মধ্যে সারের সংকট রয়েছে—এমন ধারণা ছড়িয়ে তাদের ক্ষুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে সারের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি।
জ্বালানি খাতের প্রসঙ্গে গত ১৭ বছরের সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলেও পর্যাপ্ত উৎপাদনের ব্যবস্থা হয়নি এবং দেশের মজুত থাকা গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা কয়েক মাসে দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। প্রকৃত অপরাধীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার হওয়া উচিত। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরপরাধ কাউকে হয়রানি বা বিচারের মুখোমুখি করা উচিত নয়। আমরা চাই যারা দোষী, তাদের বিচার হোক। কিন্তু প্রতিহিংসার কারণে যারা অন্যায় করেনি, কোনো খুন বা অবিচারের সঙ্গে জড়িত নয়, তাদের যেন অন্যায়ভাবে বিচার করা না হয়।
এর আগে, নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেন তিনি। র্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।