সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, ‘জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়’। তিনি জানান, আপনাদের এতদিন ভুল বোঝানো হয়েছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না; আমরা দেশের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করি।

শনিবার (৫ সেপ্টেম্বর) পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি নারী কল্যাণ ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

রহমাতুল্লাহ পলাশ আরও বলেন, আপনাদের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী করেছিলেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী করেছিলেন এবং আমাদের বর্তমান নেতা তারেক রহমান কী করছেন, তা আপনারা জানেন। তিনি স্মরণ করিয়ে দেন, এই জেলা থেকে প্রথম মন্ত্রী হয়েছিলেন আমার পিতা, সাবেক বস্ত্রমন্ত্রী মুনসুর আলী। বস্ত্র খাতের ইতিহাস ও নারী কর্মীদের অবদান তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই বস্ত্র খাতের যাত্রা শুরু হয়েছিল। আজ দেশের মোট রপ্তানির শতকরা ৮৫ ভাগই আসে বস্ত্র খাত থেকে, যার সূচনা হয়েছিল আমার বাবার হাত ধরে। আর সেই বস্ত্র খাতে আজ ৭০ ভাগ নারী কাজ করছেন।

নারী শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিয়ে তিনি বলেন, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা প্রসারে প্রথমে প্রাথমিক বিদ্যালয়, এরপর হাইস্কুল এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা অবৈতনিক (ফ্রি) করে দিয়েছিলেন। তিনি এটি আপনাদের কল্যাণের জন্যই করেছিলেন। বর্তমান নেতৃত্বের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, আর আমাদের নেতা আপনাদের সার্বিক অবস্থা বিবেচনা করে তৃণমূল পর্যায়ের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন। প্রতিটি পরিবারের কর্ত্রী যিনি হবেন, তিনি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। সেই ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি।

অন্যদিকে প্রতিপক্ষের দাবি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ভাই-বোনদের উদ্দেশ্যে বলছি, ২১২টি আসনের নারীরা বিষয়টি বুঝলো, কিন্তু আপনারা কেন বুঝলেন না? তিনি নারীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আজ এখান থেকে গিয়ে প্রতিটি নারী তাদের জিজ্ঞাসা করবেন— কই, জান্নাতের টিকিটটা কোথায় দেখান? জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। জান্নাত দেওয়ার কথা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বললে তা শিরিকের শামিল। নারী সম্ভ্রম নিয়ে তিনি প্রশ্ন করেন, আপনারা আবার নারীদের সম্ভ্রম রক্ষার কথা বলেন! কাজী নজরুল ইসলাম সাহেব, আপনি কীভাবে সম্ভ্রম রক্ষা করবেন? আপনার ১৬-১৭ বছরের একটি মেয়েকে নিয়ে যে ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে, এটাই কি আপনাদের জামায়াতের নারীর সম্ভ্রম রক্ষা করা?

আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জাবলু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এবং দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদি হাসান সবুজ, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের ইমরান হোসেন, নাজমুল হোসেন রুন্টি প্রমুখ।