কুষ্টিয়ার খাজানগর এলাকায় চালের আড়তের পাশে রহস্যজনকভাবে চিনি বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। বৃষ্টির পানিতে চিনি গলে পড়ায় স্থানীয়রা তা সংগ্রহ করতে গেলে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকসহ চারজনকে আটক করে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে খাজানগরের রাজধানী এন্টারপ্রাইজ রাইস মিলের সামনে চিনি বোঝাই ট্রাকটি থামিয়ে বস্তা নামানোর প্রস্তুতি চলছিল। বৃষ্টিতে বস্তা ভিজে চিনি গলে নিচে পড়তে থাকলে উৎসুক স্থানীয়রা বালতি ও পাতিল নিয়ে তা তুলতে শুরু করেন। সাধারণত চালের ব্যবসা কেন্দ্রে চাউলের বদলে এতগুলো চিনির বস্তা দেখে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা ট্রাকটি আটকে পুলিশকে খবর দেয়।
খাজানগর বাসিন্দারা জানান, চাউলের আড়তে হঠাৎ ট্রাকভর্তি চিনির আগমন অস্বাভাবিক। চিনিগুলো বৈধ নাকি চোরাই পথে আসছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ট্রাকের চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাবনার শামীম হোসেন কুষ্টিয়ার মজমপুর এলাকার ইলিয়াসের কাছে এই চিনি বিক্রি করার চেষ্টা করেন। তবে চালানের বৈধ কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইলিয়াস দাবি করেন, তিনি এখনো কোনো চালান পাননি, বরং চিনিগুলো একটি নির্দিষ্ট গুদামে নামানো হচ্ছে।
অন্যদিকে, রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু এ ঘটনায় নিজেকে সম্পৃক্ত না বলে জানান, চিনিগুলো তার মিলের পাশের কামাল নামের এক ব্যক্তির গুদামে নামানোর কথা ছিল।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিনি ভর্তি ট্রাকসহ চারজনকে থানা হেফাজতে নেয়। খাজানগরে চালের মোকামে এমন আরও দুই ট্রাক চিনি প্রবেশের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। চোরাই চিনি বা অবৈধ চালান কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।