নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নান গভীর রাতে মাদকাসক্ত অবস্থায় মাতলামি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের বন্দর ঘাটে।

ভিডিও ক্লিপে দেখা যায়, পলো গেঞ্জি ও জিনস প্যান্ট পরা ওই এএসআই সুর করে ‘জেল হবে না ফাঁসি হবে গো আমার; জেল হবে না ফাঁসি হবে গো আমার’ গাইতে গাইতে উঠে দাঁড়ান। একপর্যায়ে তিনি নাচতে শুরু করেন এবং নিজের মানিব্যাগ থেকে মুঠোফোন ও টাকা মাটিতে ফেলে দেন। স্থানীয়রা জানান, তিনি টোলের টাকা কেড়ে নিয়ে পানিতে ফেলে দিয়েছেন।

এএসআই আবদুল মান্নানের স্ত্রী জানিয়েছেন, তিনি মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সংগ্রহ করা হয়েছে। ঘটনার পরপরই তাকে পুলিশ লাইনসে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং শীঘ্রই তার ডোপ টেস্ট নেওয়া হবে।

ভিডিওতে কথা বলতে শোনা যায়, তিনি নিজেকে পরিচয় দেন এবং মাতলামির পেছনে কারণ হিসেবে স্ত্রীর প্রতি সহিংসতার অভিযোগ তোলেন। বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন বলেও স্বীকার করেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করেন এবং পুলিশ চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেন। নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ দিন আগে র‍্যাব-৩ থেকে সদর থানা নৌ পুলিশে যোগ দেন তিনি। কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল, যা শেষ পর্যন্ত স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যার হুমকি পর্যন্ত পৌঁছায়। শুক্রবার রাতে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় মাতলামি ও ভাঙচুর চালানোর পর ভিডিওটি ভাইরাল হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তকণ্ঠকে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ওসি মো. রকিবুজ্জামান বলেন, “এএসআই আব্দুল মান্নান মানসিক রোগী বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। তাঁর মানসিক রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার পর তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর ডোপ টেস্ট করা হবে।”