গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫), তার সন্তান আসাদুল ইসলাম (১৮), সিএনজি অটোরিকশার চালক শাকিল এবং বাংলাবাজার এলাকার খোকন শিকদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "সড়কটি বেশ দুর্ঘটনাপ্রবণ, এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। শনিবারের দুর্ঘটনায় মা-ছেলেসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"