নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তিনি মাদক বা মদের প্রভাবে অচেতন হয়ে গান গেয়েছেন, নাচছেন এবং বিলাপ করছেন বলে দেখা যায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে শহর থেকে বন্দর নদী পারাপাড়ে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। দৃশ্যটি মোবাইলে ধারণ করে স্থানীয়রা তা অনলাইনে শেয়ার করেন। ভিডিওতে একপর্যায়ে তিনি মাটিতে বসে অঙ্গভঙ্গি ও অসংলগ্ন কথা বলতে দেখা গেলে আশপাশের মানুষ জড়ো হন। জনতা তাকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমার বউ মারছে, বউ মারছে, আমার বউ আমাকে জুতা দিয়ে মারছে’। এ সময় তিনি মদ্যপান করার বিষয়টিও স্বীকার করেন।

এ ঘটনায় সামাজিক সচেতন মহলে প্রশ্ন উঠেছে যে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে এমন আচরণ ও মদ্যপানের স্বীকারোক্তি কীভাবে সম্ভব হলো।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পারিবারিক সমস্যার কারণে এসআই আব্দুল মান্নান কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে তার পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ওপর মহলের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।