সিরাজগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি সদর উপজেলার কোবদাসপাড়া মহল্লার সবুর আলীর ছেলে মোমিন সদর। তিনি একটি চুরির মামলায় জেলহাজতে ছিলেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর চুরির মামলায় জেলহাজতে থাকা মোমিনকে আদালতে হাজিরা দিতে নিয়ে আসা হয়। পরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় তাকে রাখা হয়। হাজতখানায় অন্য এক আসামিকে প্রবেশ করানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে তিনি বেরিয়ে যান। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকায় সুযোগ বুঝে সেখান থেকে নিচে লাফ দিয়ে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আদালতের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।