জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে ইমজা বা সিলেট ভিত্তিক টেলিভিশন সাংবাদিকদের সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটনের সাথে ইতিবাচক যোগাযোগ এবং বেইজিংয়ের সাথে টু প্লাস টু ফোরামের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা হয়েছে। নতুন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের সুযোগ থাকতে পারে। বিমান খাত প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী আমেরিকা থেকে বোয়িং বিমান কেনা হচ্ছে। কোনো দেশ বা কর্তৃপক্ষ চাপ দিচ্ছে না। দেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব বা গেটওয়ে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক নতুন বিমান বা ফ্লিট যুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রয়োজনে বোয়িং বা এয়ারবাস সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে আরও বিমান কেনা হতে পারে।

ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে এই সফর সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রতিবেশী ভারতের সাথে হাজারটি সমস্যা থাকলেও কূটনৈতিক আলোচনার পথ বন্ধ নয় বলে মনে করেন তিনি। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখাই উচিত। নির্দিষ্ট কোনো বলয়ে না থেকে সকলের সাথে সম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী বাংলাদেশ। বেইজিং, ওয়াশিংটন, মধ্যপ্রাচ্য ও রাশিয়ার সাথে সম্পর্কে ভারসাম্য বজায় রাখা হচ্ছে। সার্ক ফ্রেমওয়ার্কের মাধ্যমে ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের সাথে আঞ্চলিক সহযোগিতা ও নেতৃত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটে সদস্য। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে যেখানে প্রয়োজন, সেখানেই অংশ নেওয়া হবে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। তাই মক্কা চুক্তি বা অনুরূপ উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততা স্বাভাবিক।

জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে জয়লাভ এবং বিভিন্ন দেশের সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের বৈশ্বিক দৃশ্যমানতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

মতবিনিময় সভায় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।