চুরির অভিযোগে দুই তরুণকে ধরে মাথার চুল কেটে ও ন্যাড়া করে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায়। দুই তরুণের বয়স ১৯ থেকে ২০ বছর বলে দাবি করেছে পুলিশ।

দুই তরুণকে ঘটনাস্থল থেকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণের মাথার মাঝখানের চুল কেটে দেওয়া হয়েছে। আরেক তরুণের পুরো মাথা ন্যাড়া করে দেওয়া হয়। দুজনের হাতেই হাতকড়া ছিল। এ অবস্থায় তাঁদের রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় আশপাশে বেশ কিছু মানুষকে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা যায়।

চান্দগাঁও থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মনজুর আলম মজুমদার মুক্তকণ্ঠকে বলেন, স্থানীয় একটি খাবারের দোকানে চুরি করতে গিয়েছিলেন—এমন অভিযোগে ওই দুই তরুণকে স্থানীয় লোকজন আটক করেন। একপর্যায়ে তাঁদের রেললাইনের লোহার সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তাঁদের মাথার চুল কেটে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

মনজুর আলম বলেন, ‘সেখানে গিয়ে দেখি, দুজনের মাথার মাঝখানের চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। আমি জানতে চেয়েছি, কে তাঁদের মাথার চুল কেটেছে।’ ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কাউকে ধরে এভাবে অপমান করা যায় না।’ তিনি বলেন, ‘চুরি করা অবশ্যই অপরাধ। কিন্তু তাই বলে মাথার চুল কেটে দেওয়া আরও একটি অপরাধ। তবে কে চুল কেটেছে, তা স্বীকার করেনি কেউ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই দুই তরুণ এর আগেও এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত ছিলেন।’

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই তরুণকে উদ্ধার করে চান্দগাঁও থানায় নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।