গাজীপুরের রাজেন্দ্রপুরস্থ ল্যাভেন্ডার ফ্যাশন প্রতিষ্ঠানের চেয়ারম্যান চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে শ্রমিকদের বেতনের ১ কোটি টাকা নিয়ে পালানোর ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

গত ১ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭টার দিকে রাজেন্দ্রপুর কারখানা থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে ব্যক্তিগত কাজে গাড়ি থেকে নামলে ড্রাইভার মো. জাহিদ হাসান (৩০) গাড়িতে থাকা ১ কোটি টাকা নিয়ে চম্পট দেয়। পরে তিনি মালিককে অনুশোচনামূলক একটি খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে যান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। ঝিনাইদহ সদরের একটি বাসা থেকে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ থেকে তার মামা মো. আক্তারুজ্জামান (৫১) এবং স্ত্রী নাছিমা আক্তার (২৪)-কে গ্রেপ্তার দেখানো হয়। মামার কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং স্ত্রীর বাসা থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হাসান স্বীকার করেন, চুরি করা টাকার মধ্যে থেকে নতুন বাসা ভাড়া নেওয়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কেনার জন্য মোট ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। পুলিশ ওই আসবাবপত্র ও মোবাইল ফোনটিও জব্দ করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গত ১ সেপ্টেম্বর এক চীনা ব্যবসায়ীর কোনটা গাড়িচালক তার এক কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ছায়াতদন্তের পর ঝিনাইদহ থেকে চালককে গ্রেপ্তার করে তার কাছ থেকে নগদ ৯৭ লাখ ৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সহযোগী হিসেবে তার স্ত্রী ও মামাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত টাকা ও মালামালসহ সংশ্লিষ্ট রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জাহিদ হাসান ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার দবির উদ্দিনের ছেলে এবং আক্তারুজ্জামান একই জেলার কাঞ্চননগর এলাকার দাউদ হোসেনের ছেলে।