লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ স্পষ্ট করেছেন যে, আগামী ডিসেম্বরের মধ্যেই বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হবে। তিনি সতর্ক করে জানান, "জনগণের দাবি ও সমস্যার সমাধান করা না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে"। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অলি আহমদ দেশের চলমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "দেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই এ সরকারের পতন ঘটবে"। তার মতে, সাধারণ মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ নেই এবং কর্মসংস্থানের অভাবে তারা হতাশ। তিনি উল্লেখ করেন, "মানুষের ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই; হাতে কাজ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও মানুষ দিশাহারা"।
এই সময় তিনি 'বিদ্যুৎ দে-গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে' স্লোগান দেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, "মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ নাগরিকদের মৌলিক সেবাগুলো নিশ্চিত করা হচ্ছে না"।
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবর রহমান। এছাড়া অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইনও দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলী হোসেন আকন্দ, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যোবায়েব আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবদুস সাত্তার, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসাইন।