নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানীয়েলপুকুর মুক্তা হিমাগারের সামনে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভিসা প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসসহ প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার নিতাই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম (২৪), মোখলেছুর রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর রহমান (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), দক্ষিণ রাজীব এলাকার কালা মামুদের ছেলে সজীব মিয়া (২৬) এবং মুশাঝাড়পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (২৬)।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে প্রতারণা চালিয়ে আসছিল এই চক্র। শুক্রবার তারা যশোর থেকে আগত দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর নাম করে তাদের পাসপোর্ট হাতে নিয়ে মাইক্রোবাসযোগে ফিরছিলেন। পথিমধ্যে পানীয়েলপুকুর মুক্তা হিমাগারের সামনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গতিপথ রোধ করে আটক করে। পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, "ভোরে তাদের গাড়ি তল্লাশি করে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলগুলোতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।"