মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। টাঙ্গাইলের সখীপুরে নজরুলের ৫০তম প্রয়াণ দিবস ও ‘নজরুলবর্ষ’ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় বীর উত্তম সুলতান মাহমুদ বিমানবাহিনী ঘাঁটিতে অবস্থিত বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ‘কাব্যে ও ছন্দে নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আহমেদ আযম খান নজরুলের সাহিত্যকর্মের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, কাজী নজরুলের কবিতা ও গানে অন্যায়, অত্যাচার, শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী উচ্চারণ রয়েছে। ধর্ম, বর্ণ ও শ্রেণির ভেদাভেদ ভুলে কবি মানবতার জয়গান গেয়েছেন। নজরুলের সাহিত্য মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং শোষিত-বঞ্চিত মানুষের পাশে থাকতে প্রেরণা দেয়। তাঁর সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনা আজও প্রাসঙ্গিক।

বাঙালির মুক্তি ও মানবতার সংগ্রামের অনন্য প্রতীক হিসেবে কবি নজরুলকে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি নতুন প্রজন্মকে নজরুলের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এয়ার কমডোর মো. মাহামুদুর হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।