সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যুর পর চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৭ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এবং চারজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ৯৯১ জনের মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৮৯১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এর ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।