সরকারের রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে দেওয়া ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফা দাবিতে পরিণত হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ সরকারের অবস্থা ভালো নয়। রাষ্ট্র পরিচালনায় সরকারের অদক্ষতা ও ব্যবস্থাপনা রয়েছে। তাই আমরা জনকল্যাণে ছয় দফা দিয়েছি। এই ছয় দফা যদি মানা না হয়, আগামীতে এই ছয় দফা এক দফা দাবিতে পরিণত হবে।
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় সরকার মানেনি। আপনাদের প্রতি আর জনগণের রাস্তা নেই। ওসমান হাদিসহ আমরা আমাদের ভাইদের খুনিদের দ্রুত বিচার চাই। আমরা খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার কথা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় হাজারো তরুণ প্রস্তুত হয়ে আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয়। তাই সময় থাকতে সাবধান হন। আগামীর বাংলাদেশ হবে শহীদদের বাংলাদেশ, ন্যায়-ইনসাফের বাংলাদেশ।
গণভোটের গণরায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।