নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের বেশ কিছু যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে গেছে। ওই সময়ে কার্যালয় বন্ধ থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা কার্যালয়ের অভ্যন্তর থেকে বিকট শব্দ শোনার পর বাইরে থেকে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি ইউএনওকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ইউএনও কার্যালয়ের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি ক্যামেরার মনিটর, টেবিল, সিলিং এবং বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন মুক্তকণ্ঠকে বলেন, কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর কাজে সহায়তা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।