বাগেরহাট জেলায় এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ‘মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান-২০২৬’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শেখ ওয়াদুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই ভালো ফলাফল কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাঁদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্যও চরম গর্বের বিষয়। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা।

বক্তারা আরও বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের ক্যারিয়ার গাইডলাইন পর্বে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তোলার বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন ও সময়ের সঠিক ব্যবহারের নানা কৌশল নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।