আগামী বছর থেকে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। এ বিষয়ে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। তিনি জানান, বর্তমানে দেশে উৎপাদিত পেঁয়াজ সফলভাবে সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ করা হলে সংরক্ষিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা পূরণ সম্ভব হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পি.এস.এস) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ। এ সময় হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খানসহ জেলা ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, কৃষকদের কেবল ফসল উৎপাদন বাড়ালেই চলবে না, পাশাপাশি উৎপাদিত পণ্য সংরক্ষণের সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। এ উদ্দেশ্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য 'এয়ার ফ্লো' মেসিনসহ প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও কৃষিতে বহুমুখী বৈচিত্র্য আনার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে সরকারের ঘোষিত ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতি এবং পার্শ্ববর্তী এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে ১০টি জাতের গাছের চারা হস্তান্তর করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৩টি জেলার ৩০টি উপজেলায় বর্তমানে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় মোট ২৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও সারাদেশে সবুজায়ন জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।