কুড়িগ্রাম সীমান্তে ধারাবাহিক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু এবং অন্যান্য বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, "সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদাই দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে চোরাকারবারিদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে তৎপরতা বাড়ানো হয়েছে। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।