নারায়ণগঞ্জে নৌ পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে, শহর থেকে বন্দর নদী পারাপাড়ে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত নৌ পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি নারায়ণগঞ্জ সদর নৌ থানায় এসআই হিসেবে কর্মরত। ভাইরাল ফুটেজে দেখা যায়, তিনি মাটিতে বসে গান গাইছেন, নাচানাচি করছেন এবং বিলাপ করছেন। অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা ভিড় জমান। উপস্থিত জনতা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন এবং তিনি মদ্যপান করেছেন। ভিডিওতে তাকে অস্বাভাবিক অবস্থায় কথা বলা, নাচা এবং বিভিন্ন ধরনের ভঙ্গিমায় আচরণ করতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।