পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে না। তবে সফরের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার ঘটনা ঘটে। সেই পটভূমিকায় আজ সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।”
জ্বালানি খাতের দুর্নীতি ও বর্তমান সরকারের উদ্যোগ নিয়ে তিনি বলেন, “বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।”
মক্কা চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, “মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।”
বিদেশ থেকে বিমান ক্রয়ের বিষয়ে তিনি বলেন, “বোয়িং বিমান কিনতে হবে, এমন কোনো চাপ দিচ্ছে না কেউ। দেশের চাহিদা আছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।”
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।