সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর বিএনপি এবং ৪ ও ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী একই স্থানে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। দুই দলের এই সমসাময়িক আয়োজনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, "৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই জামায়াতের পক্ষ থেকেও একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সবার সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতাটি আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে।"
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বিষয়টি নিশ্চিত করে বলেন, "৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের প্রতিযোগিতা থাকায় বিষয়টি নিয়ে এক ধরণের জটিলতা তৈরি হয়েছে।"
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, "নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।"
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম জানান, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোন পক্ষই লিখিত আবেদন জানায়নি। এমনকি বিষয়টি সম্পর্কে উপজেলা প্রশাসন আগে থেকে অবগতও ছিল না। তিনি আরও বলেন, "ফলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।"