নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট সংলগ্ন তিন রাস্তার মোড়ে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ আবিষ্কার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনাটি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

সূত্র জানায়, শুক্রবার রাতে হকার্স মার্কেটের তিন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ ঘটনার সন্ধান পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করেছে।

নিহতের নাম শুভ দাস। চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে তিনি। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। শুভ দাস কীভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন–তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছেন–সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।