ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে ডা. জাহাঙ্গীর কবিরের হেলথ রেভুলেশন লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইনসুলিন থেমে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার ঘটনাটি নিয়ে ঢামেকের এন্ডোক্রাইনলজি বিভাগ থেকে করা অভিযোগ আমলে নিয়েছে দপ্তরটি। বিষয়টি তদন্তের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যদিও কমিটি গঠনের খবর শনিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনির-উজ জামানকে আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্য সচিব করে কমিটিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অ্যান্ডোক্রাইনলোজি বিভাগের সহযোগী হুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের অ্যান্ডোক্রাইনলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।
সংশ্লিষ্ট প্রতিবেদন আগামী ১০ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক নূরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। অনেকে এ ধরনের আবেদন করেছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ কারণে খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।