দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ৮ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চার দিনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ছয়টি বিষয় থাকবে।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, ১০ ডিসেম্বর আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে।

এ পরীক্ষার জন্য ৯টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো:

১. কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র—প্রতিটি বিষয়ে পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান (৫০+৫০)=১০০ এবং সময় (১ ঘণ্টা ৩০ মিনিট + ১ ঘণ্টা ৩০ মিনিট)=৩ ঘণ্টা। একই দিনে ভিন্ন ভিন্ন কোডে এ পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান (৭০+৩০)=১০০ এবং সময় (২ ঘণ্টা ১০ মিনিট + ৫০ মিনিট)=৩ ঘণ্টা। একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৬. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের (সিলসহ স্বাক্ষরিত) কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে।

৭. পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৮. পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৯. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।