মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে তাঁর দুই সন্তানের সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ সংক্রান্ত আদেশ জারি করেন।
ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ জানান, স্বাস্থ্যের অবনতির কারণে তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এর পরিপ্রেক্ষিতে তাঁর এক ছেলে ও এক মেয়ের সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রদান করা হয়েছে।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। মোট ৪১ জনের বিরুদ্ধে এই মামলায় বর্তমানে ফারজানা রুপাসহ ১১ জন আসামি গ্রেপ্তার আছেন।
একই মামলার অন্যতম আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ভার্চ্যুয়ালি শুনানিতে অংশগ্রহণের আবেদন করেছেন। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির আগে আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষ থেকেও আজ জামিনের আবেদন দায়ের করা হয়েছে। তবে আজকের শুনানিতে এ বিষয়ে কোনো সিদ্ধার্ত না নিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। শুনানির পূর্বে তাঁকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।