তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রতি তাঁর আহ্বান ছিল, লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধন করতে হবে। একইসাথে সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও দায়িত্বশীলতার সাথে নজর রাখতে হবে। সাংবাদিকদের সার্বিক কল্যাণে শিগগিরই একটি উপযোগী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।