নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় এক যুবককে হত্যার মামলায় প্রধান আসামি নয়নকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত নয়ন বন্দর থানার আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মো. টুটুল (২৮)-কে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায় নয়ন ও তার সহযোগীরা। সেখানে তাকে এলোপাতাড়ি মারধর করে বুকের মাঝখানে চাকু দিয়ে সজোরে আঘাত করা হয়। এরপর তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ (সিপিসি-১) ও র‌্যাব-২-এর যৌথ দল বুধবার ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি নয়নকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১১ জানিয়েছে।