বগুড়া শহর ছাত্রদলের পাঁচ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন—বগুড়া শহর ছাত্রদলের ১৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নাফিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রান্ত ইসলাম, সদস্য রাকিবুল হাসান রাকিব এবং ১৯ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক এস এম শিহাব।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করেন। ওই ঘটনায় করা মামলায় ছাত্রদলের ওই পাঁচ নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।