প্রায় পনেরো ঘণ্টা স্থগিত থাকার পর জামালপুর থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে যাত্রীবাহী বাস চলাচল আবারও স্বাভাবিক হয়ে উঠেছে। জেলা প্রশাসনের সাথে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা পাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহার করে যান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর বেলা সাড়ে তিনটার দিকে দূরপাল্লার বাসগুলো যাতায়াত শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ মুক্তকণ্ঠকে বলেন, জেলা প্রশাসক আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চালানোর সিদ্ধান্ত নেই।
একই বিষয়ে বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মুসাব্বির আহমেদ জুয়েল জানান, প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আশ্বস্ত হয়েছে, তাই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনার সূত্রপাত গত বুধবার সকালে ঘটে। জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই সময় রাজীব পরিবহনের ঢাকাগামী ও জামালপুরগামী দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় চালক ও সহকারীদের মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন পরিবহন শ্রমিকরা। ফলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টার্মিনালে যাত্রীরা ভিড় করলেও বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন।
কর্মবিরতি প্রত্যাহারের পর বিকেল থেকে জামালপুর-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইলসহ অঞ্চলটির বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।