বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। সকাল পৌনে ১০টার দিকে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে চিকিৎসা না পেয়েই ফিরে গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগে চিকিৎসাসেবা স্বাভাবিক আছে। তবে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হবে।
সকাল থেকেই বহির্বিভাগে রোগীদের ভিড় ছিল। কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে, কেউ ফলোআপ করাতে এসেছিলেন। হঠাৎ কাউন্টার বন্ধ করে দেওয়ায় রোগী ও স্বজনরা বিক্ষোভ শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্টার চালুর চেষ্টা করলেও ইন্টার্ন চিকিৎসকরা বাধা দেন বলে অভিযোগ। একপর্যায়ে রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে স্লোগান দেন। এতে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ী গ্রামের কোহিনুর বেগম (৫৫) নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক দেখাতে এসেছিলেন। তিনি বলেন, 'বাড়ি থেকে আসতে ২০০ টাকা খরচ হয়েছে। এখন চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। বাইরে চিকিৎসকের কাছে দেখানোর মতো সামর্থ্য নেই।'
হাসপাতালের উপপরিচালক মনজুর-ই-মুর্শেদ জানান, জরুরি বিভাগে সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
গত মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এরপর নিরাপত্তাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের অভিযোগ, দায়িত্ব পালনকালে চিকিৎসকদের ওপর হামলা করা হয়েছে। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।
পরিস্থিতি স্বাভাবিক করতে আজ দুপুরে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উপস্থিত থাকার কথা আছে।