সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরা ইউনিট।

আটককৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে মো. আরিফুল ইসলাম। অভিযানকালে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

ঘটনার পর থেকেই গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।